ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে উন্নত প্রযুক্তিনির্ভর সামগ্রী বাজারে এনেছে জিপিএইচ ইস্পাত। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল থেকে শুরু হওয়া ‘আইএবি বিল্ড এক্সপো ২০২৫’-এ অংশ নিয়ে এসব আধুনিক নির্মাণসামগ্রী প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এর আগে স্থপতি, পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও ডিজাইনারসহ নির্মাণ শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের উপস্থিতিতে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

এদিন আইএবি বিল্ড এক্সপো প্রাঙ্গণে জিপিএইচ ইস্পাতের একটি স্টল উদ্বোধন করেন শিক্ষাবিদ ও কাঠামো প্রকৌশল বিশেষজ্ঞ অধ্যাপক এম শামীম জেড বসুনিয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. রাকিব আহসান, সাবেক অধ্যাপক ফখরুল আমীন, অধ্যাপক ফাহমিদা গুলশান ও আব্দুল্লাহ আল হোসাইন চৌধুরী। অন্যদিকে জিপিএইচ ইস্পাতের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ আলমাস শিমুলসহ অন্য পরিচালকরা।

আইএবি বিল্ড এক্সপোয় জিপিএইচ ইস্পাত তাদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করেছে, যা ভূমিকম্প-সহনশীলতা বাড়াতে ও নির্মাণে দক্ষতা উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এ প্রদর্শনীতে স্থান পেয়েছে সিসমিক বেস আইসোলেশন, উন্নতমানের স্টিল উৎপাদন, রিবার ফ্যাব্রিকেশন, আধুনিক কানেকশন ও জয়েন্টিং সিস্টেমসহ প্রিকাস্ট এবং পোস্ট-টেনশনিং সলিউশন।

এ প্রসঙ্গে জিপিএইচ ইস্পাতের পরিচালক (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ বণিক বার্তাকে বলেন, ‘‌এবারের এক্সপোয় জিপিএইচ ইস্পাত দেশের শীর্ষ ব্র্যান্ড হিসেবে অংশ নিয়েছে। আগামীতে কোন ধরনের সামগ্রী বাজারে আসছে তার সঙ্গে সংশ্লিষ্টরা পরিচিত হতে পারবেন।’

তিনি আরো বলেন, ‘জিপিএইচ ইস্পাত সবসময় মানসম্মত পণ্য উৎপাদনে বিশ্বাসী। এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য থাকে দেশের পরিবেশ, অবস্থান ও পরিস্থিতি। সেই ধারাবাহিকতায় আমরা এবার আধুনিক প্রযুক্তিনির্ভর ইস্পাতসামগ্রী বাজারে নিয়ে আসছি। পাশাপাশি আমরা যেহেতু বিদেশী কোম্পানি লেভিয়েটের কান্ট্রি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি, তাই তাদের প্রযুক্তিনির্ভর মেশিনারিজগুলোও প্রদর্শন করছি।’