বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছেন নাজমুন নাহার। একই সঙ্গে তিনি বিশ্বের প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশী হিসেবে এত বিস্তৃত পরিসরে জাতীয় পতাকা নিয়ে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা এয়ারলাইনস তাকে ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ শীর্ষক সম্মাননা দিয়েছে। এ উপলক্ষে সম্প্রতি বেসরকারি বিমান সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নাজমুন নাহারের হাতে সম্মাননাপত্র তুলে দেন ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম এবং হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেন।

নাজমুন নাহারের এ ঐতিহাসিক যাত্রা সাহস, ঐক্য, শান্তি ও পরিবেশগত দায়িত্ববোধের এক শক্তিশালী বার্তা বহন করে। সীমান্ত পেরিয়ে তার এ অভিযাত্রা বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনার উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছে।

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিত্বদের সম্মান জানানো প্রতিষ্ঠানটির অঙ্গীকারের অংশ। নাজমুন নাহারের এ অর্জন বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদা আরো সুদৃঢ় করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে অনুপ্রেরণা জোগাবে।