দাবানলের আগুনে পুরোপুরি বিধ্বস্ত মাউই। আগুনে পুড়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১০০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হাজার হাজার মানুষ গৃহহীন। গবেষণা সংস্থা কোরলজিকের হিসাব অনুযায়ী, ৩ হাজার ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মূল্য ১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার। খবর সিএনএন।
সংস্থাটির তথ্যমতে, সম্পদের ক্ষয়ক্ষতির সিংহভাগই লাহাইনায়। এটি একটি পর্যটন ও অর্থনৈতিক কেন্দ্র, যেখানে প্রায় নয় হাজার মানুষ বসবাস করে। সংস্থাটি আরো জানায়, ওই অঞ্চলের ২ হাজার ৮০৮টি বাড়ি পুনর্নির্মাণ করতে হবে। যাতে ১ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হবে। এছাড়া পুলেহু ও পুকালনির ক্ষতির পরিমাণ যথাক্রমে ১৪৭ মিলিয়ন ডলার ও প্রায় ৪ দশমিক ২ মিলিয়ন ডলার।
কর্মকর্তারা জানান, ক্ষতিগস্ত অঞ্চলগুলো পুনরুদ্ধার হতে কয়েক বছর সময় লাগতে পারে। বিপর্যয়কর এ দাবানল দ্বীপের অগণিত ব্যবসাকেও ধ্বংস করেছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। প্যাসিফিক ডিজাস্টার সেন্টার (পিডিসি) ও এফইএমএ অনুসারে, লাহাইনায় অগ্নিকাণ্ডের কারণে ২ হাজার ২০০টি কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ২ হাজার ১৭০ একর জায়গা পুড়ে গেছে। কোরলজিক জানায়, সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তা বের করতে সময় লাগবে।










