ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরে ২০২০-২১ মৌসুমে ফ্রান্স থেকে গম রফতানি প্রত্যাশার তুলনায় বাড়তে পারে। ফরাসি কৃষি মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, এ সময় ইইউর বাইরের বাজারে দেশটি থেকে রফতানি হতে পারে ৬৯ লাখ ৫০ হাজার টন সফট রেড উইন্টার হুইট। আগের প্রাক্কলনে এর পরিমাণ ৬৮ লাখ ৫০ হাজার টন ধরা হয়েছিল। অর্থাৎ আগের প্রাক্কলনের তুলনায় ইইউর বাইরের বাজারে ফরাসি গম রফতানির পূর্বাভাস এক লাখ টন বাড়ানো হয়েছে। খবর রয়টার্স।
তবে ২০১৯-২০ মৌসুমে ফ্রান্স থেকে ইইউর বাইরের বাজারে সব মিলিয়ে ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টন গম রফতানি হয়েছে। এটা ইউরোপের বাইরে ফরাসি গম রফতানির সর্বোচ্চ রেকর্ড। সেই হিসাবে করোনা মহামারীর কারণে এবারের মৌসুমে দেশটি থেকে ইইউর বাইরে কৃষিপণ্যটির রফতানি ৪৮ শতাংশ কমতে পারে।
এদিকে দেশটির সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০২০-২১ মৌসুমে ফ্রান্সে সফট রেড উইন্টার হুইটের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ লাখ টনে।










