এশিয়ার তৃতীয় বৃহৎ কফি উৎপাদক ও রফতানিকারক ভারত। চলতি বছরের প্রথমার্ধে দেশটি ২ লাখ ২৪ হাজার ২৯৩ টন কফি রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ১৯ শতাংশ। গত বছরের প্রথমার্ধে রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৮৮ হাজার ৭৩৬ টন। দেশটির কফি বোর্ড সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইনস্ট্যান্ট কফির পাশাপাশি ভারত রোবাস্তা ও অ্যারাবিকা—উভয় জাতের কফিই রফতানি করে। বোর্ডের দেয়া তথ্য বলছে, রোবাস্তা কফি রফতানি ৩৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৮৫২ টনে। গত বছরের একই সময় রফতানি করা হয়েছিল ৯৫ হাজার ২৮০ টন। তবে অ্যারাবিকা কফি রফতানি ১৬ দশমিক ৭৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ টনে। গত বছরের একই সময়ে রফতানির পরিমাণ ছিল ৩৪ হাজার ৯০৫ টনে। এদিকে ইনস্ট্যান্ট কফি রফতানি ২৪ শতাংশ বেড়ে ১৫ হাজার ৮৫৮ টনে উন্নীত হয়েছে। গত বছরের প্রথমার্ধে রফতানি করা হয়েছিল ১২ হাজার ৭৯৪ টন।
জানুয়ারি-জুন পর্যন্ত আমদানীকৃত কফি পুনরায় রফতানিও ছিল ঊর্ধ্বমুখী। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩২৪ টনে। গত বছরের একই সময় রফতানি করা হয়েছিল ৪৫ হাজার ৬২১ টন। এ সময় জার্মানি ও বেলজিয়াম ছিল দেশটির প্রধান রফতানি গন্তব্য।










