চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৬ জুনের মধ্যে ভারতের নিট প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে ৩ দশমিক ৩৯ ট্রিলিয়ন রুপি, যা গত বছরের একই সময়ের ২ দশমিক ৩৩ ট্রিলিয়ন রুপির চেয়ে ৪৫ শতাংশ বেশি। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এ তথ্য প্রকাশ করেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অগ্রিম কর সংগ্রহ দাঁড়িয়েছে ১ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন রুপি। গত অর্থবছরের একই সময়ে অগ্রিম কর সংগ্রহের পরিমাণ ছিল ৭৫ হাজার ৭৮৩ কোটি রুপি। সে হিসাবে অগ্রিম কর সংগ্রহ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

চলতি অর্থবছরে মোট প্রত্যক্ষ কর সংগ্রহ দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ ট্রিলিয়ন রুপিতে। গত অর্থবছরের একই সময়ে তা ছিল ২ দশমিক ৬৪ ট্রিলিয়ন রুপি। সে হিসাবে এক বছরে মোট প্রত্যক্ষ কর বেড়েছে ৪০ শতাংশ। এর মধ্যে করপোরেশন কর রয়েছে ১ দশমিক ৯ ট্রিলিয়ন রুপি। নিরাপত্তাজনিত করসহ মোট ব্যক্তিগত করের পরিমাণ ১ দশমিক ৭৮ ট্রিলিয়ন রুপি।