মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান জ্বালানি পণ্য আমদানিতে রাশিয়ার ওপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু চলতি মাসে রাশিয়া থেকে এসব পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে কমিয়েছে দেশটি। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ডিজেল ও জেট জ্বালানি আমাদানি। মূলত স্থানীয় বাজারে নিম্নমুখী চাহিদা ও পর্যাপ্ত মজুদের কারণেই আমদানি কমানো হয়েছে। সম্প্রতি তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ ইকন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালানোয় পশ্চিমা দেশগুলো কয়েক ধাপে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে দেশটির জ্বালানি খাতে এখনো সরাসরি কোনো নিষেধাজ্ঞা আসেনি। এর পরই ইউরোপিয়ান কোম্পানিগুলো রাশিয়া থেকে জ্বালানি পণ্য ক্রয় নজিরবিহীনভাবে কমিয়েছে। এ পরিস্থিতিতে কাজাখস্তানও আমদানি কমিয়ে দেয়ায় বড় রকমের উদ্বেগের মধ্যে পড়েছে রুশ জ্বালানি পণ্যের বাজার।

১-২০ মার্চ পর্যন্ত কাজাখস্তান রাশিয়া থেকে মাত্র ৩ হাজার ৭০০ টন ডিজেল আমদানি করে। অথচ ফেব্রুয়ারিতে দেশটি ১৬ হাজার ৭০০ ও জানুয়ারিতে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল আমদানি করেছিল।

অন্যদিকে ১-২০ মার্চ পর্যন্ত রাশিয়া থেকে কাজাখস্তানের জেট জ্বালানি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ টনে। অথচ ফেব্রুয়ারিতে দেশটি আড়াই হাজার ও জানুয়ারিতে ২২ হাজার ৩০০ টন জেট জ্বালানি আমদানি করেছিল।