২০২২ সালে ব্রিকস আওতাভুক্ত দেশগুলোর সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় বাণিজ্য ১৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে। ১৫তম ব্রিকস সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ ছয়টি দেশকে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে। এ ঘোষণার পরই বাণিজ্যের তথ্যটি প্রকাশ করে দেশটির সরকার। খবর আরব নিউজ।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত সম্মেলেনটি ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়। এবারের মূল থিম ছিল পারস্পরিক অংশীদারত্বমূলক সম্পর্ক ও টেকসই উন্নয়ন। সৌদি প্রিন্স ও দেশটির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ ব্রিকস সম্মেলনে সৌদি আরবের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন।
সৌদি প্রিন্স ফয়সাল শীর্ষ সম্মেলনের মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমন্বয়, পরামর্শ ও সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সব ক্ষেত্রে সহযোগিতা একীভূত করার সুযোগ অন্বেষণ করার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ‘এ পদক্ষেপ উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পথকে সমর্থন করার জন্য। বহুপাক্ষিক সহযোগিতা কাঠামো সক্রিয় করতে সৌদির নিরলস প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ পদক্ষেপ দেশটির উচ্চাভিলাষী ভিশন ২০৩০-এর একটি অপরিহার্য স্তম্ভ।’
প্রিন্স ফয়সাল জোর দিয়ে বলেন, ‘দেশটি বিশ্বব্যাপী লক্ষ্য অর্জন ও টেকসই উন্নয়নের সঙ্গে সঙ্গে জনগণের কল্যাণ বাড়ানোর লক্ষ্যে স্থিরভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। এছাড়া জ্বালানি বাজারকে স্থিতিশীল করার জন্য এবং একটি নিরাপদ ও নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী হিসেবে কার্যকর হাতিয়ার ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে সৌদি আরব।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, বৃহত্তম ব্রিকসের বাণিজ্য অংশীদার হতে পেরে তারা গর্বিত। বক্তৃতার শুরুতে পররাষ্ট্রমন্ত্রী দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ান এবং দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উদ্যোগের জন্য নিজ দেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।










