দেশের পোশাক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত নতুন ন্যূনতম মজুরি বাস্তবায়নের জন্য বৈশ্বিক পোশাক ব্র্যান্ড এবং রিটেইলারদের সমর্থন ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান প্রধান পোশাক ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের সংগঠন, বায়ার্স ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান। ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার, ডেকাথলন, নেক্সট সোর্সিং, জিইএমও, সেলিও, কনতুর, স্ট্যানলি/স্টেলা, ওইউএস, কেমার্ট, ওটো ইন্টারন্যাশনাল, জেনিফার, আলডি, সলস, আউচান, কিবাইসহ বর্তমানে বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং করা বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলোর কান্ট্রি হেড ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে বিবরণ দেন।
তিনি নতুন ন্যূনতম মজুরি কাঠামো সফলভাবে বাস্তবায়নের জন্য সরবরাহকারী ও ক্রেতা উভয়কেই যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তার ওপর বিশেষভাবে জোর দেন। বিজিএমইএ সভাপতি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো উল্লেখ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব তুলে ধরেন।
তিনি বর্তমান অর্থনৈতিক ও আর্থিক পরিস্থিতিতে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন পোশাক কারখানাগুলোর ওপর যে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে, সে বিষয়ে শিল্পের উদ্বেগ প্রকাশ করেন।
ফারুক হাসান বলেন, ‘এসব চ্যালেঞ্জের বাস্তবতায় শিল্পের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার জন্য ১ ডিসেম্বর থেকে যে পণ্যগুলোর জাহাজীকরণ হবে, নতুন মজুরি কভার করে সেগুলোর মূল্য যথাযথভাবে সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
দায়িত্বশীল ক্রয় চর্চার মাধ্যমে সহযোগিতা প্রদানের গুরুত্ব তুলে ধরে তিনি ব্র্যান্ড এবং রিটেইলারদের ভবিষ্যতের ব্যবসায়িক আলোচনা এবং চুক্তিতে নতুন ন্যূনতম মজুরি নীতিকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
এছাড়া তিনি সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড, সাময়িকভাবে কারখানা বন্ধ থাকা এবং চালানে বিলম্বের কারণে কোনো জরিমানা আরোপ অথবা অর্ডার বাতিল না করার জন্যও ব্র্যান্ডগুলোকে অনুরোধ করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, সহসভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, পরিচালক ফয়সাল সামাদ, ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক ইনামুল হক খান (বাবলু) ও পরিচালক মো. ইমরানুর রহমান।
এদিকে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল বিজিএমইএর সঙ্গে বৈঠক করে। এ সময় দেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন এবং পোশাক শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নকে গুরুত্ব দিয়ে পোশাক শিল্পের অগ্রগতি আরো ত্বরান্বিত করতে ইইউর সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার জন্য আহ্বান জানায় সংগঠনটি। ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক বিভাগের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পাওলা পাম্পালোনি এ দলের নেতৃত্ব দেন।










