নির্ধারিত রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে আগামীকাল লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের। পরে সোমবার থেকে কোম্পানিটি পুনরায় স্বাভাবিক নিয়মে লেনদেনে ফিরবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সম্প্রতি কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সে অনুসারে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ-নির্ধারণ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধরণ করেছে ১১ সেপ্টেম্বর।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টকের বাইরে ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ। যা এরই মধ্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় গত ২১ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা ৪১ পয়সা (পুনর্মূল্যায়িত)।