নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যেও ফুলেফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি, যা বছর শেষেও অব্যাহত থাকতে পারে। ২০২০ সালে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের গড়ের তুলনায় ৩১ শতাংশ বাড়তে পারে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর অয়েলপ্রাইসডটকম ও সিএনবিসি।
ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সাল শেষে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে এলএনজির দৈনিক গড় রফতানি দাঁড়াতে পারে ৬৫৩ কোটি ঘনফুট বা ১৮ কোটি ৫০ লাখ ঘনমিটারে। ২০১৯ সালে দেশটি থেকে জ্বালানি পণ্যটির গড় রফতানির তুলনায় চলতি বছর তা বাড়তে পারে ৩১ শতাংশ।
মূলত শীত মৌসুমে বিশ্বজুড়ে বাড়তে থাকা চাহিদা যুক্তরাষ্ট্রের এলএনজি রফতানিতে চাঙ্গা ভাবের পেছনে প্রভাবক হিসেবে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে রফতানি খাতের এমন চাঙ্গা ভাব যুক্তরাষ্ট্রের বাজারে এলএনজির মূল্যবৃদ্ধিতে প্রভাবক হতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ২০২০ সালের জানুয়ারিতে ইতিহাসের সবচেয়ে বেশি এলএনজি রফতানির রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্র। ইআইএর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাসে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৮১০ কোটি ঘনফুট এলএনজি রফতানি হয়েছিল। এর আগে কোনো একক মাসে দেশটি থেকে এত বেশি পরিমাণ এলএনজি রফতানি হয়নি।
দেশটি জ্বালানি পণ্যটির সর্বোচ্চ রফতানির সেই রেকর্ড ভেঙেছে গত মাসে। ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ৯৪০ কোটি ঘনফুট এলএনজি রফতানি হয়েছে।










