অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণ কমেছে ভারতে। আগের বছরের সঙ্গে তুলনায় গত চার মাসে সর্বনিম্ন জ্বালানি তেল পরিশোধন করেছে দেশটি। ভারতের জ্বালানি চাহিদা কম থাকা এবং গত বছর জ্বালানি তেলের দাম বেশি থাকায় এর পরিশোধন অনেকটাই কমিয়ে দিয়েছে এশিয়ার জনবহুল দেশটি। খবর রয়টার্স।
আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের জ্বালাতি তেল পরিশোধন কমেছে ৮ দশমিক ৮ শতাংশ। এ সময়ে দেশটির মোট জ্বালানি তেল পরিশোধনের পরিমাণ ছিল প্রতিদিন ৪৮ লাখ ৭০ হাজার ব্যারেল। দেশটির প্রাদেশিক সরকারের তথ্য বলছে, মাস হিসাবে ভারতের তেল পরিশোধনের পরিমাণ কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। তবে ২০২০ সালের ফেব্রুয়ারি ২৯ দিনের হওয়ার শতাংশের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। নইলে এর পরিমাণ আরো কমে দাঁড়াত বলে মনে করা হচ্ছে।
এদিকে জ্বালাতি তেল পরিশোধনের মতো একইভাবে কমেছে দেশটির জ্বালানির ব্যবহারও। এমনকি ফেব্রুয়ারিতে ভারতে জ্বালানি ব্যবহারের হার ছিল পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার বিশ্লেষকরা বলেছেন, খুচরা বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় তেলের ব্যবহার সীমিত করেছে দেশটির জনসাধারণ।
সরকারি উপাত্ত থেকে জানা যায়, ভারতীয় তেল পরিশোধক প্রতিষ্ঠানগুলো গত ফেব্রুয়ারিতে ৯৭ দশমিক ১৩ শতাংশ জ্বালানি তেল পরিশোধন করেছে। গত বছরের একই মাসে পরিশোধনের পরিমাণ ছিল ১১০ দশমিক ৭ শতাংশ। আর ওই বছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ১০২ দশমিক ৮ শতাংশ।










