জানুয়ারিতে ব্রিটেনে খুচরা বিক্রয় সামান্য বেড়েছে। জ্বালানির সস্তা মূল্য ক্রেতাদের স্বস্তি দিলেও নতুন বছরে জুয়েলার্স, কার্পেট ও আসবাবজাতীয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে তাদের বড় ধরনের কষাকষি করতে হয়। খবর গার্ডিয়ান।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) তথ্যানুসারে, গত মাসে খুচরা বিক্রয় শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি সত্ত্বেও সাধারণ ক্রয় প্রবণতা ছিল নিম্নগামী। কারণ জীবনযাত্রার ব্যয় সংকটের সময় লোকেরা তাদের খরচের পরিমাণ কমিয়েছে। ফলে গত মাসের সামগ্রিক বিক্রয়ের পরিমাণ ছিল ১ দশমিক ৪ শতাংশ, যা ২০২০ সালের ফেব্রুয়ারির পরবর্তী প্রাক-মহামারী স্তরের নিচে।
ডিসেম্বরে উৎসবের মৌসুমেও অনেক ভোক্তা তাদের খরচের লাগাম টেনেছেন। কারণ খাদ্য ও পানীয়ের উচ্চমূল্য ভোক্তাদের মুদিপণ্যের ক্রয় কমাতে বাধ্য করে। সে ধারাবাহিকতায় ডিসেম্বরে শূন্য দশমিক ৭ শতাংশ পতনের পর গত মাসে খাবারের দোকনগুলোয় বিক্রি কমেছে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।
ওএনএস বলেছে, মুদিপণ্যের দামের ব্যাপক বৃদ্ধি ও গৃহস্থালির বাজেটের চাপের মধ্যে ক্রেতারা অব্যাহতভাবে খাদ্য ক্রয় কমিয়েছেন। জানুয়ারিতে মাসিক মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করার মাত্র কয়েক দিন পর ওএনএস এ পরিসংখ্যানগুলো সামনে আনল। যেখানে টানা তৃতীয় মাসে মূল্যস্ফীতির পতন লক্ষণীয়। তবে এখনো মূল্যস্ফীতির পরিমাণ ১০ দশমিক ১ শতাংশ, যা ব্যাংক অব ইংল্যান্ডের লক্ষ্যমাত্রার ২ শতাংশ ওপরে।
তাছাড়া খাদ্য মূল্যস্ফীতির বার্ষিক হার ১৬ দশমিক ৭ শতাংশ। রেস্টুরেন্ট ও হোটেলে খাওয়ার খরচ আগের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। যদিও দেখা যাচ্ছে বছরের শুরুতে ক্রেতারা পোশাকবাবদ কম কেনাকাটা করেছে। ওএনএসের তথ্যানুসারে, চার মাসের ইতিবাচক বৃদ্ধি পরবর্তী বড়দিনের ঐতিহ্যগত মূল্যহ্রাসের পরও জানুয়ারিতে পোশাকের দোকানের বিক্রি কমেছে ২ দশমিক ৯ শতাংশ।
ওএনএসের অর্থনৈতিক পরিসংখ্যানের পরিচালক ড্যারেন মরগান বলেন, ‘জীবনযাত্রার বর্ধিত খরচ ও খাবারের উচ্চমূল্যের কারণে বিক্রয়ের পরিমাণ আবারো কমে গেছে, ভোক্তারা কম দামের পণ্য নির্বাচন করছেন।’
গত মাসে খুচরা বিক্রয় সামান্য বৃদ্ধি সত্ত্বেও প্রবণতা নিচের দিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। গত তিন মাসের তুলনায় জানুয়ারি থেকে বিক্রয় কমেছে শূন্য দশমিক ৬ শতাংশ। তবে ননস্টোর রিটেইলিংয়ে বিক্রয় ২ শতাংশ বেড়েছে। বেশির ভাগই অনলাইন খুচরা বিক্রেতা জানিয়েছেন জানুয়ারি মাসের মূল্যছাড়ের কারণে তাদের ব্যবসায় খানিকটা উন্নতি হয়।










