তুরস্কে চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ ৫৬০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছর দেশ দুটির সম্মিলিত বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১ হাজার কোটি ডলার। খবর অ্যারাবিয়ান বিজনেস।
তুর্কি বিনিয়োগ সংস্থার প্রধান আহমেত বুরাক দাগলিওগ্লু বলেন, ‘তুরস্কে সংযুক্ত আরব আমিরাতের সরাসরি বিনিয়োগ ২০০২ সাল থেকে ২০২৩ সালের আগস্টে বেড়ে ৫৬০ কোটি ডলারে পৌঁছেছে।’
আবুধাবিতে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগ সংস্থার অষ্টম অধিবেশনে তুর্কি এই কর্মকর্তা জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাতের ৬০০টি কোম্পানি তুরস্কে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, ‘বর্তমানে সংযুক্ত আরব আমিরাত রফতানি বাণিজ্যে তুরস্কের ১৩তম অংশীদার এবং আমদানির দিক থেকে ১৫তম অবস্থানে রয়েছে। ফলে গত বছর দেশ দুটির সম্মিলিত বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১ হাজার কোটি ডলারে।’
বিশ্ব বিনিয়োগ সংস্থার অধিবেশনে বক্তৃতাকালে দাগলিওগ্লু আরব আমিরাতের বিনিয়োগের ওপর তুরস্কের ধারাবাহিক আকর্ষণের কথা জানিয়েছেন। এ সময় তিনি জ্বালানি, স্বাস্থ্য, কৃষি, লজিস্টিক, পরিবহন, অবকাঠামোসহ অর্থনীতি ও পর্যটন খাতে দুবাইয়ের বিনিয়োগের কথা উল্লেখ করেন। এছাড়া দেশ দুটি একে অন্যকে জলবায়ু পরিবর্তন, জ্বালানি, পানি, খাদ্যসহ নিরাপত্তার মতো খাতে সহযোগিতা করছে বলে জানিয়েছে তুরস্ক।










