নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত বৃহস্পতিবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা ব্যবহারে এক বছর সময় বাড়ানোর সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার।
কোম্পানির দেয়া তথ্যানুসারে, পোলট্রি খাতের বর্তমান অবস্থা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বৈদেশিক মুদ্রার সংকট ও যন্ত্রপাতি আমদানিতে ব্যাংকগুলোর এলসি (ঋণপত্র) খোলার অনাগ্রহের কারণে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ নির্ধারিত সময়ের মধ্যে তাদের আইপিওর মাধ্যমে সংগ্রহীত অর্থ ব্যয় করতে পারেনি। এজন্য আইপিও তহবিলে থাকা কোম্পানিটির বাকি অর্থ ব্যবহারে আরো এক বছর সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে তারা।
কোম্পানিটি আরো জানায়, তারা নতুন একটি প্রকল্প নিয়ে সে প্রকল্পের জন্য ভবন ও নির্মাণকাজ করবে। পাশাপাশি প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় ও সরঞ্জাম স্থাপনে আইপিও ব্যয় তহবিলের অবশিষ্ট অর্থ ব্যবহার করা হবে।










