সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

সভায় ব্যাংকের পরিচালক ড. হাফিজ আহমেদ চৌধুরী, মো. সাইফুল্লাহ পান্না, মো. কামাল উদ্দিন, মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, মোহাম্মদ রাশেদুল আমিন ও শেখ ফরিদ উপস্থিত ছিলেন। এছাড়া পর্ষদের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তাসহ রেজলিউশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের প্রশাসকরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত পরিচালকদের রেজলিউশনের আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণ ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও উপস্থিত সবাইকে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেজলিউশন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেয়ার আহ্বান জানান। পর্ষদ তার সঙ্গে একমত পোষণ করে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলেও জানান।