২০২২-২৩ অর্থবছরে অতিরিক্ত ২ লাখ কোটি রুপি (২ হাজার ৬০০ কোটি ডলার) ব্যয়ের পরিকল্পনা করছে ভারত সরকার। ভোক্তাদের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে রক্ষা এবং কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলায় এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। দুজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি অর্থমন্ত্রী ঘোষণা করেন, পেট্রল ও ডিজেলের ওপর কর কমানোর কারণে সরকারি রাজস্ব ১ লাখ কোটি রুপি ক্ষতিগ্রস্ত হবে। দুই কর্মকর্তাই জানিয়েছেন, নতুন ব্যয় পরিকল্পনা এর দ্বিগুণ।

এপ্রিল মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতি ৮ বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এসময়ে ভোক্তা পর্যায়ে দাম এক বছর আগের তুলনায় ৭ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। ভোজ্যতেল ও জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে তুলতে সহায়তা করেছে। গত মাসের মূল্যস্ফীতি মার্চের ৬ দশমিক ৯৫ শতাংশের চেয়েও বেশি বেড়েছে। এদিকে দেশটির পাইকারি মূল্যস্ফীতিও ১৭ বছরের সর্বোচ্চ উচ্চতায় উন্নীত হয়েছে। এ পরিস্থিতি বেশ কয়েকটি রাজ্যে বিধানসভার নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের জন্য একটি বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, আমরা মূল্যস্ফীতি কমানোর দিকে মনোনিবেশ করছি। ইউক্রেন সংকট যে কারো কল্পনার চেয়ে ভয়াবহ ছিল। এ অবস্থায় সরকারের অনুমান, সার ভর্তুকি দেয়ার জন্য আরো ৫০ হাজার কোটি রুপির অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে। যেখানে ব্যয় ধরা হয়েছিল ২ লাখ ১৫ হাজার কোটি রুপি।

অপরিশোধিত জ্বালানি তেলর দাম বাড়তে থাকলে সরকার পেট্রল ও ডিজেলের ওপর থেকে আরো একবার কর কমাতে পারে। ফলে গত ১ এপ্রিলে শুরু হওয়ার অর্থবছরে ১ থেকে দেড় লাখ কোটি রুপির অতিরিক্ত রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একজন কর্মকর্তা বলেছেন, এ তহবিলের ব্যবস্থা করতে সরকারকে অতিরিক্ত অর্থ ঋণ নিতে হতে পারে।