চলতি মাসের শেষের দিকে রাশিয়ার জ্বালানি তেলের দাম নির্ধারণ করে দেয়া হবে। গতকাল এ বিষয়ে একমত হয়েছে জি৭ জোট ও অস্ট্রেলিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাশিয়ার জ্বালানি তেলের দাম বেঁধে দিতে গত কয়েক সপ্তাহে মার্কিন কর্মকর্তা ও জি৭ ভুক্ত দেশগুলোর মধ্যে ব্যাপক দেনদরবার হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের অর্থায়ন ঠেকাতে দীর্ঘদিন ধরে রাশিয়ার জ্বালানি তেলের বাজার সংকুচিত করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু চীন ও ভারতের উচ্চ আমদানিতে গত কয়েক মাসে তেমন সাফল্য পায়নি এ প্রয়াস। বরং সাশ্রয়ী মূল্যে রাশিয়ার জ্বালানি তেলের মজুদ বাড়িয়েছে এশিয়ার শীর্ষ দুই অর্থনীতি। জি৭ কোয়ালিশনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাশিয়ার জ্বালানি তেলের মূল্য বেঁধে দেয়ার ব্যাপারে একমত হয়েছে কোয়ালিশন। এতে বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করেন তিনি।

এদিকে রয়টার্সের অন্য এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের দাম ১ ডলার ৮৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ ডলার ৫১ সেন্টে দাঁড়িয়েছে।