পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড চলতি ২০২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য পর্ষদ সভা আহ্বান করেছে। এ বছরের ১৭ জুলাই বেলা ২টা ৩৫ মিনিটে সভাটি অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্রামীণফোন। এর মধ্যে ১২৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ২৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ২৭ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২৭ টাকা ৫৪ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছিল গ্রামীণফোন। ওই বছর কোম্পানিটি এর বাইরে ১৩০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরে মোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।
এদিকে চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৬৩৩ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৩ হাজার ৪৮১ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ৪৭৭ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৬১৯ কোটি টাকা। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮০৯ কোটি টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৮৯০ কোটি টাকা। প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ৬ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৬০ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৫ টাকা ১৯ পয়সা।
২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৮৪৩ কোটি ৫৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতেই রয়েছে ৯০ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ৫ দশমিক ১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক, ২ দশমিক ৭৬ শতাংশ বিদেশী ও ২ দশমিক শূন্য ৭ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার গ্রামীণফোনের শেয়ার সর্বশেষ ২৮৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।










