চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ভুট্টা রফতানি স্থগিত করেছে আর্জেন্টিনা। দেশটির কৃষি মন্ত্রণালয় সূত্রের বরাতে বিশেষ প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। মূলত করোনা মহামারীর মধ্যে অভ্যন্তরীণ খাদ্যশৃঙ্খলা বজায় রাখতে কৃষিপণ্যটির রফতানিতে সাময়িক লাগাম টানল আর্জেন্টিনা। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম ও এগ্রিমানি।
এক বিবৃতিতে আর্জেন্টিনার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, মহামারীকালে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও পশুখাদ্যের জোগান নির্বিঘ্ন রাখতে ভুট্টা রফতানিতে সাময়িক লাগাম টানার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আর্জেন্টিনা থেকে কৃষিপণ্যটি রফতানি হবে না।
ভুট্টা উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় আর্জেন্টিনার অবস্থান পঞ্চম। কৃষিপণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছর দেশটি থেকে ৩ কোটি ৪০ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ১১ শতাংশ কম। এর মধ্য দিয়ে টানা দুই বছর পর আর্জেন্টিনা থেকে ভুট্টা রফতানিতে মন্দা ভাব ফিরে এসেছে।
আর্জেন্টিনার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ক্রেতারা চাইলে এখনো আর্জেন্টিনার রফতানিকারকদের কাছ থেকে ভুট্টা কিনতে পারবেন। তবে পণ্য সরবরাহ করা হবে আগামী ১ মার্চের পর।
কিছুদিন আগেই শস্য রফতানিতে কোটা বেঁধে দিয়েছে রাশিয়া। বাড়ানো হয়েছে রুশ গমের রফতানি শুল্ক। উদ্দেশ্য একই— মহামারীকালে অভ্যন্তরীণ খাদ্যশৃঙ্খল নির্বিঘ্ন রাখা ও সম্ভাব্য খাদ্যসংকট এড়িয়ে অভ্যন্তরীণ বাজারে শস্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখা।










