ইউক্রেনে সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ৩ শতাংশেরও কম জাপানি প্রতিষ্ঠান রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি৭) তুলনায় যার অনুপাত খুবই কম। সম্প্রতি পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো নিউজ।

টেইকোকু ডাটাব্যাংকের গবেষণা অনুযায়ী, রাশিয়ায় বর্তমানে ১৬৮টির বেশি জাপানি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। ১৯ জুন পর্যন্ত মাত্র চারটি বা ২ দশমিক ৪ শতাংশ প্রতিষ্ঠান দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব ম্যানেজমেন্ট বিশ্বের ১ হাজার ৩০০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এ জরিপ পরিচালনা করেছে।

জাপানের এ পরিমাণ যুক্তরাজ্যের ৪৮ শতাংশ প্রতিষ্ঠানের সিদ্ধান্তের তুলনায় খুবই নগণ্য। এরপর কানাডার ৩৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ২৯ শতাংশ প্রতিষ্ঠান রুশ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার এ সিদ্ধান্ত গ্রহণ করে। জাপানের পর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ না করার দিক থেকে ৫ শতাংশ হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইতালি।