সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড এবং বিআইএফসির অস্বাভাবিক লেনদেন ও শেয়ারদর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই চিঠির জবাবে গতকাল পৃথকভাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি দুটি।
ডিএসইতে গত ২৮ জুলাই থেকে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ঊর্ধ্বমুখী দেখা গেছে। এ দিন শেয়ারটির দর ছিল ১০৪ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটি ১৩২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর ২৬ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডিএসইতে বিআইএফসির শেয়ারদরও গত ২৮ জুলাই থেকে ঊর্ধ্বমুখী দেখা গেছে। এ দিন শেয়ারটির দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল শেয়ারটি ১২ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩৫ দশমিক ১১ শতাংশ বেড়েছে।
সাম্প্রতিক সময়ের মধ্যে গত ৩ আগস্ট কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এ দিন ৭ লাখ ২ হাজার ৮৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটির ৬ লাখ ৪৮ হাজার ২৪৯টি শেয়ার লেনদেন হয়েছে।
বিআইএফসি সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। লোকসানের কারণে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের ঘোষণা করেনি কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারপ্রতি
লোকসান হয়েছে ১২ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ১৩ টাকা ৫ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮৫ পয়সা বা ৬ দশমিক ৫১ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছর শেষে এ দায় ছিল ৭৯ টাকা ৪৫ পয়সা।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। তার আগের ছয় হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সর্বশেষ ২০১৩ হিসাব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।










