বাংলাদেশে ক্যানসার, চোখ ও মস্তিষ্কের জটিল সমস্যাজনিত চিকিৎসায় একসঙ্গে কাজ করবে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি সুইজারল্যান্ডের এফ.হফম্যান-লা রোশ এবং বাংলাদেশি শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। 

গতকাল শনিবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের রোগীদের কাছে ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত উন্নতমানের ওষুধ সরবরাহ করবে রোশ। এতে করে ক্যানসার চিকিৎসা বৈশ্বিক মানে উন্নত হওয়ার পথে আরো এগিয়ে যাওয়ায় আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় সুইজারল্যান্ড ভিত্তিক রোশ ফার্মাসিউটিক্যালসের সেন্ট্রাল ইউরোপ, তুরস্ক ও ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক প্রধান আদ্রিয়ানো ট্রেভে বলেন, ওষুধ শিল্পে বাংলাদেশ যথেষ্ট সুনাম কুড়িয়েছে। দিন দিন আরো উন্নত হচ্ছে। আরো আধুনিকতা আনতে সহযোগিতা করতে চাই আমরা। এ চুক্তির ফলে নতুন অনেকগুলো সম্ভাবনার দ্বার খুলে যাবে এবং বাংলাদেশের রোগীদের জন্য রোশের উন্নতমানের ইনোভেটিভ ওষুধ পাওয়ার পথ সহজতর হয়ে যাবে।        

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, এই ‘যৌথ বিপণন’ এর সূচনাকে বাংলাদেশ ওষুধ শিল্পে নতুন মাইলফলকে পৌঁছাল। রোশ আন্তর্জাতিকভাবে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান, যারা ১২৫ বছর ধরে নিজেদের গবেষণা ছাড়া তারা কোনো ওষুধ তৈরি করেনি। বিশেষ করে ক্যানসার, চোখের সমস্যাসহ নানা জটিল রোগের ওষুধ তৈরি করছে। 

তিনি বলেন, বাংলাদেশে কোভিড মোকাবিলায় রেডিয়েন সহযোগিতা করেছে। বিশেষ করে জটিল  কোনো ওষুধের যাতে সংকটে না পড়তে হয় সেজন্য সরকারের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করেছি। বর্তমানে অনেক জটিল রোগের জীবনরক্ষকারী বিশেষ ওষুধ আমরাই কেবলমাত্র সরবরাহ করছি। রোশের সঙ্গে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের ওষুধ শিল্পের পাশাপাশি বৃহত্তর অর্থে দেশ ও দেশের নাগরিক উপকৃত হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মার্ক হীব ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও লেফটেন্যান্ট জেনেরাল সিনা ইবন জামালি (অব.)।