২০২০ সালের ধারাবাহিকতায় চলতি বছরও যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন কমে আসতে পারে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সর্বশেষ শর্ট টার্ম এনার্জি আউটলুকে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর রয়টার্স ও মার্কেট ওয়াচ।
ইআইএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৯ হাজার ৩০৬ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হয়েছিল। দেশটির ইতিহাসে এটাই জ্বালানি পণ্যটির সর্বোচ্চ উত্তোলনের রেকর্ড। গত বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন কমে দাঁড়ায় ৯ হাজার ১২৯ কোটি ঘনফুটে।
এমন মন্দা ভাব চলতি বছরও দেখা যেতে পারে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৯ হাজার ৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইআইএ। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন কমতে পারে দৈনিক ৭৯ কোটি ঘনফুট।
তবে ইআইএর পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের কূপগুলো থেকে প্রতিদিন গড়ে ৯ হাজার ৯৬ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন হতে পারে। সেই হিসেবে এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় উত্তোলন বাড়তে পারে ৪৬ কোটি ঘনফুট।










