আয় বেড়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি। গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। খবর সিএনএন।
প্রতিষ্ঠানটির আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে অ্যামাজন ওয়েব পরিষেবা। বিক্রির পরিমাণ আগের প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ বেড়ে পৌঁছেছে ২ হাজার ৩১০ কোটি ডলারে। প্রতিবেদন অনুসারে, বিজ্ঞাপন আয় প্রায় ১ হাজার ২১০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি।
চলতি বছরের মার্চে অ্যামাজন ঘোষণা দেয় তারা নয় হাজার কর্মী ছাঁটাই করবে। এর আগে জানুয়ারিতে নয় হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি। মহামারীর শুরুর দিক থেকেই অ্যামাজনের ব্যবহারকারী বাড়তে থাকে। লকডাউন ও অন্যান্য বিধিনিষেধের কারণে বেশির ভাগ মানুষ ই-কমার্স প্রতিষ্ঠানটির প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিল।
ইনসাইডার ইন্টেলিজেন্সের একজন সিনিয়র বিশ্লেষক জ্যাক সাম্বর বলেন, ‘গত বছর রিটেইল জায়ান্টটির মন্থরতার কারণে বছরজুড়ে খরচ কমানোর কাজ শুরু করেছে। মনোযোগ দিয়েছে আয় বাড়ানোর ক্ষেত্রে।’
ফেডারেল ট্রেড কমিশন গত মাসে অ্যামাজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনে। সেখানে বলা হয়, কোম্পানিটি তার অর্থনৈতিক আধিপত্যের অপব্যবহার করেছে এবং ন্যায্য প্রতিযোগিতাকে ব্যাহত করছে। যদিও অ্যামাজন মামলাটিকে তথ্য ও আইনগত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে। অ্যামাজন ছাড়াও তৃতীয় প্রান্তিকে টেক জায়ান্ট মাইক্রোসফট, গুগল ও মেটার শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। অর্থনৈতিক মন্দাভাব সত্ত্বেও টেক কোম্পানিগুলোর প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।










