আন্তর্জাতিক ১২টি রুটে ৪০টি ফ্লাইট বাড়াতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক আসিয়ানা এয়ারলাইনস। গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আগামী মার্চ থেকে ফ্লাইটগুলো চলাচল করবে। খবর কোরিয়া হেরাল্ড।

সম্প্রতি কভিড প্রাদুর্ভাব কমে যাওয়া ও বিধিনিষেধ প্রত্যাহার হওয়ায় উড়োজাহাজে চলাচল বেড়েছে। এ প্রেক্ষাপটে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আসিয়ানা বলছে, প্রাথমিকভাবে ফ্লাইট বৃদ্ধির পর চলতি বছরে ধাপে ধাপে অন্যান্য রুট পুনরায় চালু হবে।

এয়ারলাইনসটির পরিকল্পনা অনুযায়ী, তারা প্রথমে এশিয়ার রুটগুলো উন্মুক্ত করছে। এরই মধ্যে জাপানের ফ্লাইট বেড়েছে। পাশাপাশি লন্ডন, রোম, প্যারিস ও বার্সোলনাসহ ইউরোপের বিভিন্ন শহর এবং নিউইয়র্কে ফ্লাইট বাড়ানোর পথে রয়েছে আসিয়ানা।