গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উৎপাদন ব্যাহত হবে বলে জানিয়েছে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি বলছে, অগ্নিকাণ্ডের ফলে তাদের অন্তত ৫০টি পণ্যের উৎপাদন ব্যাহত হবে। এতে কোম্পানিটির আয় কমে যাবে ৫০ কোটি টাকার মতো। আর মুনাফা কমতে পারে ৮ কোটি টাকা। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৩ মে দুপুর ১২টার দিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওই কারখানায় আগুন লাগে। কারখানার এলভিপি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ওই ঘটনায় গতকাল ডিএসইর মাধ্যমে ক্ষয়ক্ষতির বিষয়টি জানায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আয় ও মুনাফা কমে যাওয়ার তথ্য উল্লেখ করে কোম্পানিটি বলছে, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ত্রিপক্ষীয় দল তদন্ত করে। কোম্পানির বিশেষজ্ঞরাসহ ওই দলে ছিলেন ফায়ার সার্ভিস ও ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভেয়াররা। এর মাধ্যমে কোম্পানির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়। আর আগুনের সূত্রপাত হওয়া এলভিপি প্লান্টটি ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে পুরোপুরি কাভারেজ সুবিধার আওতায়। তবে ক্ষয়ক্ষতি ও উৎপাদন সক্ষমতা আগের অবস্থায় ফিরতে দুই-তিন বছর সময় লাগতে পারে।