চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২৭ কোটি ৮০ লাখ ডলার লোকসান গুনেছে সাউথওয়েস্ট এয়ারলাইনস। তবে চাহিদা বাড়ায় চলতি বছর মুনাফায় ফেরার আশা করছে মার্কিন উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর এপি।

বিশ্বের বৃহত্তম স্বল্প ব্যয়ের এয়ারলাইনসটির এ পূর্বাভাস যুক্তরাষ্ট্রের বৃহত্তম উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর প্রাক্কলনকে প্রতিফলিত করে। কভিড-১৯ মহামারীজনিত কারণে প্রায় দুই বছর ধরে লোকসান গুনার পর মুনাফায় ফেরার আশা করছে সংস্থাগুলো। যদিও এক্ষেত্রে সংস্থাগুলোর সামনে বিভিন্ন চ্যালেঞ্জ হাজির হয়েছে। জেট ফুয়েলের ক্রমবর্ধমান দাম এবং কর্মী, বিশেষ করে পাইলট সংকট সংস্থাগুলোকে ফ্লাইট পরিচালনায় প্রতিবন্ধকতার মুখে ফেলেছে।

সাউথওয়েস্ট জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে কর্মী বেড়েছে ৩ হাজার ৩০০ জন। সংস্থাটির প্রধান নির্বাহী রবার্ট জর্ডান বলেন, সাউথওয়েস্ট এখনো গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে শক্তিশালী চাহিদা মোকাবেলায় কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে অধিক মনোযোগ দিচ্ছে।

পূর্বাভাস অনুসারে, বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সংস্থাটির আয় ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৮-১০ শতাংশ বেশি হবে। যদিও পরিবহনকৃত যাত্রী সংখ্যায় ৭ শতাংশ পিছিয়ে থাকবে সংস্থাটি। তবে ভাড়া বাড়ার কারণে আয় বাড়বে। জানুয়ারি-মার্চ সময়ে সাউথওয়েস্টের গড় ভাড়া গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ এবং ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।