ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রুহুল কুদ্দুস খানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ১ নভেম্বর থেকে এ দায়িত্ব গ্রহণ করবেন।
রুহুল কুদ্দুস খান ১৯৯৬ সালে কালুরঘাট কারখানায় ইউনিলিভার ফিউচার লিডারস প্রোগ্রাম (ইউএফএলপি)-এর মাধ্যমে ট্রেইনি হিসেবে যোগ দেন। কর্মজীবনে ২৯ বছরেরও বেশি সময়জুড়ে তিনি বাংলাদেশ ও ভারতে সাপ্লাই চেইন এবং গবেষণা ও উন্নয়ন বিভাগে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিগত বছরগুলোতে ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর এবং পরে হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড লজিস্টিকস হিসেবে দায়িত্ব পালনকালে রুহুল ইউবিএল-এর সাপ্লাই চেইনকে উচ্চক্ষমতাসম্পন্ন ও ভবিষ্যৎ-উপযোগী ব্যবস্থায় রূপ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ সময় তিনি গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, ডেটা অ্যানালিটিক্স, প্রসেস অটোমেশন এবং ডিজিটাল রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেন।
টেকসই উন্নয়নে ইউনিলিভারের বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নেট জিরো অর্জনে ইউনিলিভার বাংলাদেশের অগ্রযাত্রায় রুহুল কুদ্দুস খান বিশেষভাবে ভূমিকা রাখেন।
-বিজ্ঞপ্তি










