টানা নবমবারের মতো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান ধরে রাখল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২১ সালের তুলনায় প্রায় দ্বিগুণ যাত্রী গত বছর এটি ব্যবহার করেছে। কর্তৃপক্ষের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে এ সংখ্যা।
২০২২ সালে বিমানবন্দর কর্তৃপক্ষ সাড়ে ছয় কোটিরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১২৭ শতাংশ বেশি। কর্তৃপক্ষের প্রত্যাশা ছিল ৬ কোটি ৬১ লাখ যাত্রী ২০২২ সালে দুবাই বিমানবন্দর ব্যবহার করতে পারে। চতুর্থ প্রান্তিকে যাত্রী সংখ্যার ওপর ভিত্তি করে তারা এ পূর্বাভাস দিয়েছিল।
দুবাই বিমানবন্দরের প্রধান নির্বাহী পল গ্রিফিথস বলেন, ‘আমরা জানতাম বিমান ভ্রমণের সংখ্যা বাড়বে। কিন্তু উল্লম্ফনটা ছিল একেবারে ধারণাতীত। এ কারণে উদ্ভূত চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করতে আমাদের সর্বোচ্চটুকু দিতে হয়েছিল।’
২০২২ সালের শেষ তিন মাসে ২০২১ সালের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেড়েছিল। শেষ প্রান্তিকে মোট ১ কোটি ৯৭ লাখ যাত্রী দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছিল। ২০১৯ সালের পর এটিই ছিল ব্যস্ততম শেষ প্রান্তিক।
২০২২ সালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে ব্যস্ততম মাস ছিল ডিসেম্বর। এ মাসে ৭১ লাখ যাত্রী এ বিমানবন্দর ব্যবহার করে। ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ যাত্রী সংখ্যা ৭০ লাখের মাইলফলক অতিক্রম করেছিল।










