অনৈতিকভাবে মূল্যবৃদ্ধি এবং সরবরাহ সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেছেন, যারা অনৈতিকভাবে বাজারে সংকট তৈরি করবে আমরা তাদের সঙ্গে নেই। ব্যবসায়ীদের কেউ অসাধু বলুক, সিন্ডিকেট করা হচ্ছে—এমন কোনো কথা উঠুক, তা আমরা শুনতে চাই না। আমরা চাই ব্যবসায়ীরা ব্যবসা করুক। কোনো সমস্যা হলে সমাধানের উদ্যোগ নেয়া হবে। কিন্তু আমাদের কোনো বদনাম হোক তা আমরা চাই না। যারা অনৈতিকভাবে মূল্যবৃদ্ধি করে এবং সরবরাহ সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

গতকাল মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে দেশের শীর্ষ এ বাণিজ্য সংগঠনের সভাপতি বলেন, ‘ব্যবসায়ীরা দেশের প্রাণ। ব্যবসায়ীরা কর্মসংস্থান সৃষ্টি করছে, তাই দেশ এত দ্রুত এগিয়ে যাচ্ছে। একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য ৪৩টি সংস্থা থেকে লাইসেন্স নিতে হয়, তার পরও ব্যবসায়ীরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য ব্যবসার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু দুঃখজনক ব্যাপার, ব্যবসায়ীদের এত কষ্ট সত্ত্বেও দু-একজন ব্যবসায়ীর অসততার কারণে পুরো ব্যবসায়ী সমাজের বদনাম হচ্ছে।’ কোনো ব্যবসায়ী বাজারে নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত করতে চাইলে এ ব্যাপারে এফবিসিসিআইয়ের আপত্তি আছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

সমাপনী বক্তব্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ‘ভবিষ্যতে আরো বেশি স্টেকহোল্ডার নিয়ে এ ধরনের মতবিনিময় সভা করবে এফবিসিসিআই। প্রয়োজনে সেমিনারের আয়োজন করা হবে। তবে নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ অবস্থানের কথা তুলে ধরেন মিল মালিক, আড়তদার, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।’ 

সভায় কাঁচামাল আড়তদার মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, ‘সুষ্ঠু বিপণন ব্যবস্থার অভাবে বাজারে এ ধরনের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।’ খুচরা ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ রাখার জন্য তার সমিতির কাছে জবাবদিহিতার বিধান চান তিনি। খাদ্যনিরাপত্তার অজুহাতে বাজারে খোলা তেল বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা। খোলা বা লুজ তেল দীর্ঘদিন ধরে চললেও হঠাৎ এখন কেন তা বন্ধের আলোচনা চলছে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভায় উপস্থিত থেকে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, পরিচালকবৃন্দসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা।