কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে মোটা অংকের অর্থ বিনিয়োগ করতে চায় বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং। পাশাপাশি চলতি বছর প্রায় চার হাজার নতুন কর্মী নিয়োগ দেয়ার কথাও জানিয়েছে চীনা কোম্পানিটি। বিশ্বের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক অটো বাজারে টিকে থাকতে এমন উদ্যোগ নিয়েছে এক্সপেং। খবর রয়টার্স।
সর্বশেষ ২০২২ সালের শেষের দিকে করা হিসাব অনুযায়ী, বর্তমানে কোম্পানিটির মোট কর্মীর সংখ্যা ১৫ হাজার ৮২৯। অতিরিক্ত কর্মীরা নিয়োগ পেলে জার্মান গাড়ি নির্মাতা ভক্সওয়াগন সমর্থিত ইভি নির্মাতার মোট কর্মশক্তি ২৫ শতাংশ বাড়বে।
গত রোববার চান্দ্র নববর্ষের ছুটির পর প্রথম কার্যদিবসে এক চিঠিতে কোম্পানি সম্প্রসারণের ঘোষণা দেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হে জিয়াওপেং।
আধুনিক ড্রাইভিং সুবিধা দিতে এআই গবেষণা ও বিকাশে ২৫০ কোটি ইউয়ান বা প্রায় সাড়ে ৪৮ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। হে জিয়াওপেং বলেন, ‘তিন বছরের মধ্যে নতুন প্রায় ৩০টি পণ্য বা আরো কিছু সংশোধিত মডেল বাজারে আনতে চায় এক্সপেং।’
২০২৪ সালকে চীনা অটো ব্র্যান্ডের জন্য ‘নকআউট রাউন্ড’র প্রথম বছর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘হতাশাজনক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়ায় অনেক ব্যবসায়িক অংশীদার পিছিয়ে পড়েছে। পাশাপাশি নতুন করে বিনিয়োগ করতেও সাহস পাচ্ছে না। আমি মনে করি, এটি আমাদের উন্নতি করার জন্য একটি ভালো সুযোগ।’
হে জিয়াওপেং বলেন, ‘২০২৪ সালকে আমরা সুযোগ হিসেবে ব্যবহার করব এবং চতুর্থ প্রান্তিক বা তার আগেই উচ্চগতির ইতিবাচক চক্রে প্রবেশ করব।’
এক্সপেংয়ের সম্প্রসারণ পরিকল্পনা কোম্পানিটির প্রতিদ্বন্দ্বীদের প্রবণতার তুলনায় বিপরীত। কারণ অন্য ইভি মেকাররা ব্যয় সংকোচন করতে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। টেসলার নেতৃত্বে নতুন করে অনেক ছাড় দেয়া হলেও বিশ্বের বৃহত্তম অটো বাজারে চাহিদা কমছে।
চীনেরই আরেক ইভি নির্মাতা নিও গত নভেম্বরে বলেছিল, ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে কোম্পানির ব্যয় সংকোচন ও নিজেদের দক্ষতা বাড়াতে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চায় তারা।
স্থানীয় বাজারে নিম্নমুখী চাহিদার মধ্যে প্রবৃদ্ধি ধরে রাখতে রফতানি বাড়ানোর পরিকল্পনা করছে চীনা অটোমেকাররা। গাড়ি রফতানিকারক হিসেবে চীনের ক্রমবর্ধমান প্রভাব বিদেশী অটোমেকারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি জানিয়েছে, গাড়ি শিল্পের বিদেশী বাজার সম্প্রসারণে তারা অটোমেকারদের সহযোগিতা করবে। প্রয়োজনে ভর্তুকিও দেয়া হবে।
ভক্সওয়াগন জুলাইয়ে বলেছিল, এক্সপেংয়ে তারা প্রায় ৭০ কোটি ডলার বিনিয়োগ করবে এবং কোম্পানিটির প্রায় ৫ শতাংশ শেয়ার কিনবে।










