পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়া বেস্ট হোল্ডিংস লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৬ কোটি ৮১ লাখ ১১ হাজার ৬৮০ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯৪ কোটি ৭৪ লাখ টাকা। এ সময় কোম্পানিটির লেনদেন বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৩ দশমিক ৯৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, বেস্ট হোল্ডিংসের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৭ দশমিক ৫৫ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৭১ কোটি ৭২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৫১ কোটি ৯৬ লাখ টাকা।
তথ্য অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৫৬ পয়সা। তবে আইপিও-পরবর্তী কোম্পানিটির ইপিএস হবে ৬৮ পয়সা।
এদিকে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বেস্ট হোল্ডিংসের ইপিএস হয়েছে ৪১ পয়সা। আইপিও-পরবর্তী যা হবে ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে আইপিও-পূর্ববর্তী নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৪ পয়সায়। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা হবে ৫৪ টাকা ১১ পয়সা।










