ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অর্থ ও শেয়ার জমা না হওয়ায় ইস্যুয়ার কোম্পানিগুলোর প্রতি অসন্তোষ প্রকাশ করেছে ফান্ডের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট কমিটি (এএএমসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএমএসএফ।
তথ্যমতে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর দীর্ঘদিনের অবণ্টিত লভ্যাংশের বিপুল পরিমাণ অর্থ ও শেয়ার সিএমএসএফে আসার কথা থাকলেও এখন পর্যন্ত ৪৬০ কোটি টাকা এসেছে। বর্তমান মার্কেট ভ্যালুতে এ অর্থের পরিমাণ ৩৩৮ কোটি টাকা। যা প্রত্যাশার তুলনায় খুবই নগণ্য।
এ বিষয়ে নিরপেক্ষ অডিট কমিটির এক সভায় কমিটির প্রধান মো. আবদুর রউফ বলেন, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যে ইস্যুয়ার কোম্পানিগুলো সিএমএসএফে অর্থ ও শেয়ার জমা না দিলে বিএসইসির সঙ্গে সম্পৃক্ত হয়ে তা আনায়নে মনিটরিংসহ সার্বিক তত্ত্বাবধান করা হবে। অডিট কমিটির অন্য সদস্যরাও তার এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন।
সদস্যরা হলেন আইসিএমএবির সদস্য এ কে এম দেলোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এম এ মহি, বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার শাহেদা খানম (অবসরপ্রাপ্ত) ও সিসিবিএলের পরিচালক মুহাম্মাদ তাজদিকুল ইসলাম।










