এক মাস বন্ধের পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে আলুর ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ী ও ভোক্তাদের।
গতকাল বেলা সাড়ে ৩টায় ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে আবারো আলু আমদানি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনটি ট্রাকে ৬৯ টন আলু আমদানি হয়েছে। ভারতের পল ট্রেডিং এসব আলু রফতানি করেছে। আর বাংলাদেশের দেবনাথ ভাণ্ডার এসব আলু আমদানি করেছে। এর আগে সর্বশেষ বন্দর দিয়ে গত ৬ ফেব্রুয়ারি আলু আমদানি হয়েছিল।
আলু আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সারোয়ার হোসেন জানান, আলুর ভরা মৌসুমে দাম বাড়ায় সরকার আমদানির অনুমতি দিয়েছিল। ফলে গত ৩ ফেব্রুয়ারি হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়। কিন্তু লোকসানের কারণে চারদিন আমদানির পর সেটি বন্ধ হয়ে যায়। সম্প্রতি পরিস্থিতি অনুকূলে থাকায় আবারো আলু আমদানি শুরু করেছেন বন্দরের আমদানিকারকরা। লোকসানে না পড়লে তারা আমদানি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘হিলি স্থলবন্দরের ৫০ জন আমদানিকারক প্রায় ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। আমদানীকৃত আলু পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দেয়া হবে। ১৫ মার্চ পর্যন্ত অনুমোদনপ্রাপ্ত আমদানিকারকরা আলু আমদানি করতে পারবেন।’










