দক্ষিণ কোরিয়ার কোম্পানি দাইয়ু ভারতীয় বাজারে পুনরায় প্রবেশের ঘোষণা দিয়েছে। গাড়ি ও মোটরবাইকের জন্য ব্যাটারির পাশাপাশি ইনভার্টার, সৌর ব্যাটারি ও বিভিন্ন ই-বাইক আনার পরিকল্পনা রয়েছে কোম্পানির। খবর বিজনেস ইনসাইডার ইন্ডিয়া।
দাইয়ু ইন্ডিয়া অপারেশনসের ডিরেক্টর চ্যান রিউ জানান, প্রাথমিক পর্যায়ে তারা গাড়ি ও মোটরবাইকের জন্য ব্যাটারি, ইনভার্টার, সৌর ব্যাটারিসহ বিভিন্ন বৈদ্যুতিক পণ্য আনছে। এছাড়া অনলাইন ও অফলাইনের জন্য ডিজাইন করা বিভিন্ন এইচইউপিএস ইনভার্টার ও ইউপিএস সিস্টেম সরবরাহ করবে। পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসের জন্য সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করতে দশমিক ৫ কেভিএ থেকে ৫ কেভিএ পর্যন্ত উচ্চক্ষমতা সম্পন্ন ভোল্টেজ স্ট্যাবিলাইজার বাজারে আনবে।
দাইয়ু ভারতের গুরুগ্রামে অবস্থিত কেলওয়ান ইলেকট্রনিকস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। এলজি ও এয়ারটেলের সাবেক নির্বাহী এইচএস ভাটিয়ার নেতৃত্বাধীন কেলওয়ানকে ভারতে দাইয়ুর এক্সক্লুসিভ ব্র্যান্ড লাইসেন্সধারী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ডিরেক্টর চ্যান রিউ আরো জানান, আগামী বছর থেকে কোম্পানি এয়ার পিউরিফায়ার, এলইডি টেলিভিশন, অডিও স্পিকার, ওয়াটার পিউরিফায়ার, স্মার্ট ফ্যান, এয়ার কুলার, হোম অটোমেশন সিস্টেম এবং হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন পণ্য ভারতীয় বাজারে চালু করবে। এছাড়াও নিজস্ব ব্র্যান্ডের ই-বাইক ও ই-সাইকেলের আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।










