তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা যথাক্রমে আড়াইটা ও সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রিমিয়ার লিজিং: এনবিএফআইটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। একই সভায় থেকে কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুমোদন করা হবে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে লোকসানের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়ায় ২ টাকা ১২ পয়সায়। আগের হিসাব বছরে শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৩ পয়সা। আগের দুই হিসাব বছরেও কোম্পানিটি লোকসানের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
ইস্টার্ন হাউজিং: কোম্পানিটির পর্ষদ সভা থেকে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৮ পয়সা। গত বছরে ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭৪ টাকা ৭১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৭০ টাকা ৩৩ পয়সা। ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।










