পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর মাত্র তিন কার্যদিবসে প্রায় ৩০ শতাংশ বেড়েছে। পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনও বেড়েছে
অস্বাভাবিকহারে। সম্প্রতিক এ
অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে জানিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
বাজার বিশ্লষণে দেখা যায়, চলতি বছরের ৫ সেপ্টেম্বরের পর থেকেই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী রয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৯৬ টাকা ৯০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১২৫ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ টাকা বা ২৯ দশমিক ৯৩ শতাংশ। এদিকে সাম্প্রতিক সময়ের মধ্যে গত বুধবার কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ১ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এ লেনদেন ছিল ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৪২৪টি।










