৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠানটি।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে লিবরা ইনফিউশনস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৬৯ টাকা।










