সফটব্যাংক গ্রুপ দ্বিতীয় প্রান্তিকে ৬২০ কোটি ডলার নিট লোকসান করেছে। একে কোম্পানিটি অপ্রত্যাশিত বলে জানিয়েছে। জাপানি এ গ্রুপের মালিকানায় উইওয়ার্কের শেয়ার ছিল। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।
কোম্পানিটির এটা টানা লোকসানের চতুর্থ প্রান্তিক। উইওয়ার্কের সূচক কমায় সেপ্টেম্বরে শেষ হওয়া তিন মাসের মেয়াদের প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।
এসঅ্যান্ডপি ক্যাপিটাল আইকিউ অনুসারে, বিশ্লেষকরা ১৮ হাজার ৮০ কোটি ইয়েন নিট প্রবৃদ্ধির কথা বলেছিলেন। গত বছর একই প্রান্তিকে চীনা ই-কমার্স গ্রুপ আলিবাবার একটি অংশ বিক্রি করার পরে গ্রুপটি ৩ ট্রিলিয়ন ইয়েন নিট লাভ করেছিল।
এছাড়া সফটব্যাংকের মালিকানাধীন ভিশন ফান্ডের পাবলিক পোর্টফোলিও ১২ মাসের মধ্যে প্রথমবারের মতো দ্বিতীয় ত্রৈমাসিকে মূল্য হারিয়েছে। টোকিওর অ্যাস্ট্রিস অ্যাডভাইজরির সফটব্যাংক বিশ্লেষক কার্ক বুড্রির মতে, রোবোটিকস গ্রুপ অটোস্টোরের মতো লজিস্টিক কোম্পানিগুলোর ভাগ্যের পরিবর্তন হতে পারে।
এছাড়া সহযোগী প্রতিষ্ঠান সন কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগে চুক্তি করার পর দ্বিতীয় ত্রৈমাসিকে লোকসানে পড়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নিউজার্সির একটি আদালতে অধ্যায় ১১-এর ভিত্তিতে দেউলিয়া হয়ে যাওয়া থেকে সুরক্ষা পাওয়ার আবেদন করেছে উইওয়ার্ক। অধ্যায় ১১ যুক্তরাষ্ট্রের দেউলিয়াত্ব কোডের একটি বিধান। যার অধীনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এর ঋণ ও বাধ্যবাধকতার বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করার সুযোগ পায়। এটি সাধারণত দেউলিয়া হওয়ার পথে থাকা কোম্পানির জন্য পুনর্গঠনমূলক উদ্যোগ।










