যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রফতানি চলতি বছর লক্ষণীয় মাত্রায় কমে যাওয়ার পূর্বাভাস মিলেছে। সয়াবিন, তুলা ও ভুট্টা রফতানিতে মন্দাভাব সার্বিক রফতানি কমে যাওয়ার পেছনে প্রধান ভূমিকা পালন করছে। মার্কিন কৃষি বিভাগের ইকোনমিক রিসার্চ সার্ভিস সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়।
প্রতিবেদনে বলা হয়, এ বছর যুক্তরাষ্ট্র ১৯ হাজার কোটি ডলারের কৃষিপণ্য রফতানি করবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় রফতানি ৩৫০ কোটি ডলার কমবে। এর মধ্যে সয়াবিন রফতানিই কমবে ২৪০ কোটি ডলারের। মূল্যমানের দিক থেকে রফতানি দাঁড়াতে পারে ৩ হাজার ২৮ কোটি ডলারে। এবার দেশটিতে সয়াবিন উৎপাদনে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। তার ওপর দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা রফতানি কমার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে।
এদিকে তুলা রফতানি ১০০ কোটি ডলার কমে যাওয়ার আভাস মিলেছে। রফতানি দাঁড়াতে পারে ৬০০ কোটি ডলারে। নিম্নমুখী চাহিদার কারণে রফতানি কমবে। মোট খাদ্যশস্য ও পশুখাদ্য রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ১ হাজার ৮৫০ কোটি ডলারে, যা আগের পূর্বাভাসের তুলনায় ৬০ কোটি ডলার কম। এর মধ্যে ভুট্টা, সরগাম ও চাল রফতানি কমলেও গম ও পশুখাদ্য রফতানি বাড়ার সম্ভাবনা রয়েছে।










