স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অব্যাহত প্রয়াস তুলে ধরে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বেসিসের এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।    

সভায় বেসিস নির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহসভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালক হাবিবুল্লাহ নেয়ামুল করিম, একেএম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভির হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল এবং রাশাদ কবির উপস্থিত ছিলেন।

এছাড়া বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি, একেএম ফাহিম মাশরুর, শামীম আহসান এবং সৈয়দ আলমাস কবীরসহ বেসিসের পাঁচ শতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বেসিসের ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করা হয় এবং ২০২৩-২৪ অর্থবছরের আয়-ব্যয় হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়। পেশকৃত এসব প্রতিবেদনের ওপর সভায় উপস্থিত উল্লেখযোগ্যসংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও মতামত দেন।      

বার্ষিক সাধারণ সভায় বেসিসের সহসভাপতি (প্রশাসন) আবু দাউদ খান ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশী বাজার সম্প্রসারণ, পুঁজি ও আর্থিক প্রণোদনা সুবিধা বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও সম্প্রসারণ, বেসিস সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপসহ বেসিসের গত এক বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন। 

সভায় বেসিসের সহসভাপতি (অর্থ) ফাহিম আহমেদ ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০২২-২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। 

বার্ষিক সাধারণ সভায় বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আছি। আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে। বেসিস তার সদস্যদের সঙ্গে নিয়ে এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। —বিজ্ঞপ্তি