আয় বেড়েছে সিঙ্গাপুরের ইন্স্যুরেন্স কোম্পানি গ্রেট ইস্টার্নের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির আয় ২১ শতাংশ বেড়ে ১৮ কোটি ২ লাখ সিঙ্গাপুরি ডলারে উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময় ছিল ১৪ কোটি ৯৩ লাখ সিঙ্গাপুরি ডলার। নতুন পণ্যের বিক্রি বেড়ে যাওয়া আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর দ্য বিজনেস টাইমস।

কোম্পানিটির নতুন স্কিম বাজারে আসায় মোট বিক্রি ৫ শতাংশ বেড়ে যায়। এতে বিক্রির আর্থিক পরিমাণ দাঁড়ায় ৪১ কোটি ৯৪ লাখ সিঙ্গাপুরি ডলারে। গতকাল ওভারসি চাইনিজ ব্যাংকিং করপোরেশনের (ওসিবিসি) বীমা শাখা এ তথ্য জানিয়েছে।

এদিকে গত তিন প্রান্তিকে কোম্পানিটির নিট আয় ৬৫ শতাংশ বেড়ে ৬১ কোটি ৭৪ লাখ সিঙ্গাপুরি ডলার হয়েছে। এ আয়ের পেছনে দেশটিতে বীমা ব্যবসা বৃদ্ধি এবং শেয়ারহোল্ডারদের তহবিলে বিনিয়োগের ইতিবাচক পারফরম্যান্স ভূমিকা রেখেছে।

বছরের প্রথম নয় মাসে সিঙ্গাপুরভিত্তিক কোম্পানিটির বীমা ব্যবসা ১৪ শতাংশ বেড়ে ৫৪ কোটি ৩৫ লাখ সিঙ্গাপুরি ডলারে দাঁড়িয়েছে। যেখানে শোয়ারহোল্ডারদের তহবিল থেকে আগের ১০ কোটি ৩৯ লাখ সিঙ্গাপুরি ডলার লোকসানের বিপরীতে ৮ কোটি ৪৮ লাখ সিঙ্গাপুরি ডলার আয় হয়েছে।

এছাড়া গত নয় মাসে ইকুইটি ও যৌথ বিনিয়োগ স্কিমগুলোতেও আগের বছরের লোকসানের তুলনায় আয় বেড়েছে।