৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির ৩০৩তম পরিচালনা পর্ষদের সভা থেকে সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।

কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮২ পয়সা। আগের হিসাব বছরের যেখানে ইপিএস ছিল ৩৪ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৬৩ টাকা ১৭ পয়সায়।

এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৯ নভেম্বর ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ৩ অক্টোবর।