ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে টেডএক্স ইউনিভার্সিটি অফ ঢাকা ২০২৫। ‘বাংলাদেশ রিবর্ন; প্রগ্রেস থ্রো পারসপেকটিভ’ প্রতিপাদ্যে শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি, উদ্ভাবন ও তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজের মধ্যে বৈচিত্র্যময় চিন্তা জাগিয়ে তোলা, বাংলাদেশের উন্নয়ন ও উদ্ভাবন নিয়ে গঠনমূলক আলোচনা ছড়িয়ে দেয়া। সেইসঙ্গে শিক্ষার্থীদের নেতৃত্ব ও সৃজনশীলতাকে উৎসাহিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, একই বিভাগের প্রভাষক ওয়াসিক সাজিদ খান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. ফিরদৌস জারিন, একই বিভাগের চেয়ারপারসন প্রফেসর সৈয়দা লাসনা কবির। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

দিনব্যাপী আয়োজনে ৬টি সেশনে ১২ জন বক্তা তাদের অভিজ্ঞতা ও ভাবনা শেয়ার করেন। তারা প্রযুক্তি, শিক্ষা, পরিবেশ, উদ্যোক্তা তৈরি, সৃজনশীলতা, সমাজ উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অংশগ্রহণকারী বক্তারা ছিলেন: নাঈম আশরাফ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক শেহরিন আমিন, মানবাধিকার কমিশনের হাই কমিশনার হুমা খান, চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জোবায়ের হোসেন শুভ, মোনোশিতা আইরুয়ানি, স্থপতি নাজিল হুসাইন, কিবরিয়া সরকার, রনি শারাফাত, হাবিবা আক্তার শুরভী, জিয়াউর রহমান।

আয়োজনটি স্পনসর করেছে, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি, অনন্যা স্যানিটারি ন্যাপকিন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রেডএক্স আয়োজন হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

-বিজ্ঞপ্তি