বিদায়ী বছর চীন ১ কোটি ৪ লাখ ৯০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন করেছে। আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। সম্প্রতি দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
চীনের বিগলন প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সর্বোচ্চ মাত্রায় পরিচালনা করেছে। বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর নিকেল আকরিক পরিশোধনের ট্রিটমেন্ট চার্জ ছিল আর্কষণীয়। অন্যদিকে সালফিউরিক অ্যাসিডের দামও ছিল বেশি। চলতি বছরও পরিস্থিতি একই রকম থাকবে। এ সময় চীনের পরিশোধিত তামা উৎপাদন সক্ষমতা অব্যাহতভাবে বাড়বে। এদিকে তামার কনসেনট্রেট সরবরাহও বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য বলছে, গত বছরের ডিসেম্বরে পরিশোধিত তামা উৎপাদন নভেম্বরের তুলনায় ৩ দশমিক ৮ শতাংশ বেড়েছে। কারণ এ সময় দেশটির বেশির ভাগ বিগলন কেন্দ্র পুরো বছরের লক্ষ্যমাত্রা অর্জনে উৎপাদন বাড়িয়ে দেয়। কিছু বিগলন কেন্দ্রকে বিদ্যুৎ সংকট কমে আসায় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালাতে হয়েছে। ফলে তাদের উৎপাদন নিম্নমুখীই ছিল। গত বছরের ডিসেম্বরে চীন ৯ লাখ ১০ হাজার টন পরিশোধিত তামা উৎপাদন করে।
যদিও চলতি মাসে ধাতব পণ্যটির উৎপাদন ডিসেম্বরের তুলনায় কিছুটা কমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। কারণ নতুন বছরের ছুটি উপলক্ষে অনেক বিগলন কেন্দ্রের উৎপাদন হার একদমই নিম্নমুখী ছিল।










