অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার ইস্যু করে এ মূলধন বাড়াতে চায় কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

তথ্য অনুসারে, ন্যাশনাল টির অনুমোদিত মূলধন ২৫ কোটি টাকা থেকে ৪০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ। আর পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকায় উন্নীত করতে চায় কোম্পানিটি। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ মূলধন বাড়ানোর সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২০ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর। এছাড়া কোম্পানিটি এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে।

কোম্পানিটি আরো জানিয়েছে, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে তারা। এক্ষেত্রে শেয়ার ইস্যুর পর সরকার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বীমা করপোরেশনের ধারণকৃত শেয়ার সংখ্যা দাঁড়াবে ৫১ শতাংশ। আর অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারদের ধারণকৃত শেয়ার দাঁড়াবে ৪৯ শতাংশ। শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত মূলধন কোম্পানিটির ব্যাংকঋণ পরিশোধ, কাজের জন্য প্রয়োজনীয় মূলধন বৃদ্ধি এবং চা বাগান ও কারখানা উন্নয়নের জন্য ব্যয় করা হবে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ন্যাশনাল টি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ১২ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ৩১ টাকা ৯১ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৭৯ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ১৪ পয়সায়।