চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে ট্রাম্প জয়ী হলে চ্যালেঞ্জিং বাণিজ্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিঙ্গাপুরে। তবে সব ধরনের পরিবেশ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নগররাষ্ট্রটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গ্যান কিম ইয়ং বলেন, ‘‌আগামীতে বাণিজ্য পরিবেশ ক্রমবর্ধমান প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক বা না আসুক আমি মনে করি, আমাদের আরো চ্যালেঞ্জিং পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

বাণিজ্যনির্ভর সিঙ্গাপুর সরবরাহ চেইনের ধাক্কার জন্য সবসময়ই ঝুঁকিপূর্ণ। তার পরও চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ ও কভিড মহামারীসংক্রান্ত সংকটের মধ্যেও স্থিতিশীলতা ধরে রেখেছিল নগররাষ্ট্রটি। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনার কারণে ভূরাজনৈতিক ঝুঁকির মুখোমুখি দেশটি।

গ্যান কিম বলেন, ‘‌আমাদের মূল বাণিজ্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক গভীর করা দরকার। এছাড়া সরবরাহ চেইনে নতুন ক্রয়াদেশ আনতে আমাদের বাণিজ্য অবকাঠামোয়ও বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। আমরা আশা করি, সরবরাহ চেইনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পুনর্বিন্যাস করা হবে। কারণ আরো অনেক দেশ ইন-সোর্সিংয়ের দিকে তাকিয়ে আছে।’