নভেল করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় প্রায় এক মাসের বেশি সময় পর পুনরায় বেইজিংয়ের রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে। গ্রাহক ফিরতে শুরু করেছেন রেস্তোরাঁগুলোয়। সম্প্রতি চীনা রাজধানীতে কভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তার পরই আবার বাইরে খেতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন গ্রাহক। খবর এপি।
সেখানকার এক বাসিন্দা ঝাং সুয়ান বলেন, রেস্টুরেন্টগুলো খুলে যাওয়ার খবর শুনেই বন্ধুদের ফোন করে বলেছি, চলো কোথাও খেতে বসি। সেই একই অনুভূতি বা পরিবেশ কিন্তু আমরা বাড়িতে পাই না।
বর্তমানে জাদুঘর, সিনেমা হল আর জিমগুলোকে সর্বোচ্চ ৭৫ শতাংশ পরিচালনা করার অনুমতি দেয়া হয়েছে। তাছাড়া ডেলিভারিম্যানরা আরো একবার গ্রাহকের দ্বারে পার্সেল পৌঁছে দেয়ার অনুমতি পাচ্ছেন। এর আগে শুধু মূল ফটক বা অ্যাপার্টমেন্ট কম্পাউন্ডে পৌঁছে দেয়ার অনুমতি মিলত।
বেইজিংয়ের একটি জেলা এবং আরেকটি জেলার অংশ বাদে বাকি সব প্রায় স্বাভাবিক অবস্থায় পৌঁছে গেছে। সেই দুই জেলাতেই এবারের করোনার প্রাদুর্ভাব দেখা দিতে শুরু করেছিল। এর আগে স্কুল খোলা হয়েছিল আংশিকভাবে। ১৩ জুন থেকে সেসব পুরোপুরি খুলে যাবে আর ২০ জুন থেকে খুলে যাবে কিন্ডারগার্টেনগুলো।
নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণহারে কয়েক দফা পরীক্ষা চালিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গে ভবন ও বিভিন্ন কমপ্লেক্সে লকডাউনও ঘোষণা করা হয়েছে।
২ কোটি ২০ লাখ জনসংখ্যার শহরটিতে গত ছয় সপ্তাহে ১ হাজার ৮০০ মানুষ এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। গত রোববার বেইজিংয়ে নতুন সংক্রমণের সংখ্যা মাত্র ছয়জনে নেমে আসে।










