পূর্ব ঘোষণা অনযায়ী কারখানার জন্য একটি এনিয়ালিং ইলেকট্রিক্যাল ওভেন মেশিন কেনার পর গত ১ ডিসেম্বর তা প্রতিস্থাপনের কাজ শেষ  করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডস। এ জন্য কোম্পানিটির মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।

এর আগে গত বছরের ৭ অক্টোবর ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানায়, কারখানার জন্য তারা একটি এনিয়ালিং ইলেকট্রিক‍্যাল ওভেন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ২০ লাখ টাকা। পুরাতন একটি মেশিনের পরিবর্তে নতুন এ ওভেনটি প্রতিস্থাপনের কথা জানানো হয় তখনই। এতে উত্পাদন ব্যয় কমার পাশাপাশি পণ্যের গুণগত মানের উন্নয়ন হবে বলেও জানানো হয়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ফার্মা এইডসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৮ ডিসেম্বর।

২০২১-২২ হিসাব বছরের ফার্মা এইডসের করপরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৫ কোটি ৩ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ১১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৮৩ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৯৩ টাকা ২৬ পয়সা।